পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। ১৩ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজটির আগমনে পায়রা বন্দরে বড় জাহাজ চলাচলের সক্ষমতার বিষয়টি আবারও সামনে এসেছে।
গতকাল রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। আনা কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, জাহাজটি নির্বিঘ্নে বহির্নোঙরে পৌঁছে নোঙর করেছে। আজ বুধবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। প্রথমে বহির্নোঙরে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি বন্দরের টার্মিনালে এনে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।
তিনি আরও জানান, এখন থেকে বন্দরে ধারাবাহিকভাবে জাহাজ আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে পায়রা বন্দর দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ও অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
