ঢাকা, ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আম রপ্তানি ও সংরক্ষণে বড় পরিকল্পনা, বছরজুড়ে ফসল উৎপাদনে গুরুত্ব কৃষিমন্ত্রীর

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২৯ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour

আম রপ্তানি সম্প্রসারণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন এবং আমবাগানে বিকল্প ফসল চাষের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে বছরজুড়ে ফসল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সফরকালে কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা। এ অঞ্চলের আম আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আম রপ্তানি সম্প্রসারণে জাপান, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও আম রপ্তানির সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে আমের চাহিদা বাড়াতে হলে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি রোগবালাই ও পোকামাকড়মুক্ত আম উৎপাদন করতে হবে। এ জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। আমকে জীবাণু ও পোকামাকড়মুক্ত করতে বিশেষায়িত যন্ত্রের প্রয়োজন। সরকার ইতোমধ্যে এ ধরনের মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে। আম পাকার আগেই মেশিনটি চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আম প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারের উপযোগী করা সম্ভব হবে।

আগামী আমের মৌসুম থেকে রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

মতবিনিময় অনুষ্ঠানে আমবাগানে বিকল্প ফসল চাষ, আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটো উৎপাদন সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে আমবাগানসহ সম্ভাবনাময় কৃষি এলাকায় বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, শুধু আম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমবাগান ও কৃষিজমিতে পরিকল্পিতভাবে অন্যান্য ফসল চাষের সুযোগ তৈরি করতে হবে। এতে কৃষকের আয় বাড়বে এবং দেশের কৃষি উৎপাদন আরও গতিশীল হবে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম