সাবরিনা সাবা একজন সমসাময়িক বাংলাদেশী সংগীতশিল্পী এবং সফল নারী উদ্যোক্তা। ২০১০ সালে এনটিভি-র রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগীত অঙ্গনে পা রাখেন।
সানাউল হক এবং রোকসানা দম্পতির সন্তান সাবরিনা সাবা ৭ নভেম্বর জন্মগ্রহন করেন। ছোট বেলা থেকেই তাঁর মায়ের ইচ্ছা ছিলো গান শিখানো। তাই তাকে ভর্তি করানো হয় বাংলাদেশ শিশু একাডেমীতে। প্রায় তিন বছর বাংলাদেশ শিশু একাডেমীতে গানের কোর্স সম্পন্ন করেন। গানের পাশাপাশি শিখেছেন নাচ- অভিনয়-উপস্থাপনা ও আবৃত্তি। সাবরিনা সাবা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশুনা শেষে নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
সাবরিনা সাবা'র প্রথম অ্যালবাম প্রার্থনা। এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম 'অনলি সাবা'। এ অ্যালবামে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, বেলাল খান, কাজী শুভ'র মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা। অডিওর পাশাপাশি আসিফ আকবর ও বেলাল খান এর সঙ্গে দুটি ডুয়েট গানেরও ভিডিও নির্মিত হয়। এরপর প্রকাশিত হয় 'অনলি সাবা ২'। এই অ্যালবামে একটি গানের কথা ও সুর করেছেন সাবা নিজেই। এখানে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, এস আই টুটুল, তৌসিফ, কাজী শুভ ও ইলিয়াস হোসেন।
২০১৪ ভ্যালেইনটাইনে মিক্সড অ্যালবাম ভালোবাসি তোমায় প্রকাশিত হয়। এর টাইটেল সং এ কণ্ঠ দেন সাবা ও কাজী শুভ। সাবা এখন পর্যন্ত ২০টির অধিক অ্যালবামে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সাথে দৈত্ব অ্যালবামে কাজ করেছেন।
সংগীত শিল্পী সাবরিনা সাবার উল্যেখযোগ্য গানগুলো হচ্ছে, পৃথিবী অনেক বড়, মা, নয়নে নয়ন, জনম জনমে, পাপী, জানলে জানুক পৃথিবী ,আমার পাগল মন ইত্যাদি। সাবা বর্তমানে নিয়মিত কাজ করে চলছেন। স্বপ্ন দেখেন একদিন আন্তর্জাতিক মঞ্চে গান গাইবেন তিনি।
ইউনিসেফ এর সহায়তায় সাবা ‘নুপুর’ নামে একটি শর্টফিল্ম নির্মান করেন। এটি নেদারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। এটি নির্মাণ করে প্রশংসিত হন সাবা। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমীতে ২০ মিনিটের একটি ফিল্মেও তিনি কাজ করেন। মিসটেক নামে সল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা ও অভিনয় করেছেন সাবা। এছাড়া তাঁর নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওতে তিনি নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।
সাবরিনা সাবা জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০০৩-এ নজরুল সংগীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে। এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেন সাবা। এছাড়াও তিনি শাপলা কুঁড়ি ও পদ্ম কুঁড়িসহ বেশ কিছু সম্মাননা লাভ করেন।
গানের পাশাপাশি সাবরিনা সাবা একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুটিক ও লাইফস্টাইল ব্র্যান্ড 'Le Festiva'-এর স্বত্বাধিকারী। এছাড়া নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক সহযোগিতা, ব্র্যান্ডিং ও প্রমোশনাল কাজে সাহায্য করার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ভূমিকা পালন করে থাকেন
তরুন সংগীতশিল্পী সাবরিনা সাবার জন্মদিন আজ। সাবার জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
