ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১০ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪৫ অপরাহ্ন

banglahour

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। তিনি দর্শকের কাছে মৌসুমী নামে পরিচিত। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয় নায়িকা তিনি।

নাজমুজ্জামান মনি এবং শামীমা আখতার জামান দম্পতির সন্তান চিত্রনায়িকা মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। আজ ৫৩ বছরে পা রাখলেন গুণী এই অভিনেত্রী।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্টে’ অংশগ্রহণ করেন এবং যেখানে বিজয়ী হওয়ার পর টেলিভিশনের নানা বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' চলচ্চিত্রের মাধ্যমে মৌসুমীর বড় পর্দায় অভিষেক ঘটে। এ সিনেমায় মৌসুমীর সাথে অভিষেক ঘটে অমর নায়ক সালমান শাহ'র। এ সিনেমাই তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়।

শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তি এই অভিনেত্রী। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, দোলা, স্নেহ, বিশ্বপ্রেমিক, আম্মাজান, কষ্ট, খায়রুন সুন্দরী ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনায়ও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। পরবর্তীতে ২০০৫ সালে ‘মেহের নিগার’ এবং ২০১৬ সালে ‘শূন্য হৃদয়’ নামে টেলিফিল্ম পরিচালনা করেন তিনি।

অভিনয় জীবনে মৌসুমী মেঘলা আকাশ (২০০১), দেবদাস (২০১৩) এবং তারকাঁটা (২০১৪) চলচ্চিত্রের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন।

১৯৯৬ সালের ২ আগস্ট তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামে দুটি সন্তান রয়েছে।

অভিনয়ের পাশাপাশি মৌসুমী ইউনিসেফ-এর একজন শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি, তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের গ্রীনকার্ড লাভ করেছেন।

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম