শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ও কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এ সময় অপরাধ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে সভায় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
