বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মন্ডল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা দুদকে সম্পদ বিবরণী জমা দেন।
দাখিলকৃত বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখান। তবে দুদকের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ে তাঁদের দাখিল করা হিসাবের গরমিল ও বিশাল অঙ্কের অপ্রদর্শিত সম্পদের তথ্য বেরিয়ে আসে।
দুদকের এজাহারে বলা হয়, শাহীনুল আলম ছানা তাঁর সম্পদ বিবরণীতে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। পাশাপাশি তিনি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। সব মিলিয়ে তাঁর নিট সম্পদ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। এ মামলায় ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কাল উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের মামলায় বলা হয়, তিনি সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখালেও দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন। বৈধ আয় ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এই মামলায় ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত সময়কাল ধরা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
