পটুয়াখালীঃ একই ঘরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্য ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা যুবদল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতা মো. গোলাম মোর্তুজা। তিনি উপজেলার মহিপুর থানার ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে একই ঘরে স্থানীয়দের হাতে আটক হন যুবদল নেতা মর্তুজা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে এই যুব নেতার বিরুদ্ধে সিদ্ধান্ত করে সংগঠনটির নেতারা।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম মোর্তুজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
