বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার কোনো ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি রাজনৈতিক দল হিসেবে তারা কেবল রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গেই আলোচনায় বসবেন, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।
এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে জামায়াত আমিরের আগের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তবে একইসঙ্গে তিনি একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, ঢাকায় ওই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের জবাবে ডা. শফিকুর রহমান পাল্টা অভিযোগ তুলে বলেন, “যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে বলেছেন যে তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। তাই মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।”
বক্তব্যের শুরুতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জাতীয় ঐক্যের চেতনায় আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান জামায়াত আমির। এরপর অভিযোগের জবাবে তিনি প্রবাদ টেনে বলেন, “ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন এবং বিষয়টি এখন প্রকাশ্য।”
নিজেকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ওই ২২ মিনিটের বক্তব্যের ভিডিও এখনো রয়েছে, যেখানে তিনি একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি।
এছাড়া সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তির সমালোচনা করে তিনি বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা জামায়াতের পেছনে লেগে আছেন এবং একেক সময় একেক রকম বক্তব্য দিচ্ছেন। এ ধরনের ব্যক্তির বক্তব্যের সূত্র ধরে জামায়াতের বিরুদ্ধে বিদেশি এজেন্সির সঙ্গে বৈঠকের ইঙ্গিত দেওয়া হলে তা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
