ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্যসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের ঘরবাড়িসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর পূর্বপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীন দেওয়ানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে দুই কক্ষের একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ভুক্তভোগী বাড়ির মালিক নাছির উদ্দীন দেওয়ান অভিযোগ করে বলেন, "৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু আমাদের ঘরের বারান্দায় রাখা জ্বালানি পাটখড়ির গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ আমার প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে সব শেষ হয়ে গেছে।"
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের চেষ্টায় পাশের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে কেউ বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
