পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বাজারে ই-ট্রাইসাইকেলের জন্য ১০.৪ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন নতুন লিথিয়াম ব্যাটারি প্যাক উন্মোচন করেছে এসএভি ডিজিটাল পাওয়ার ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি (LG)। নতুন এই ব্যাটারিতে গ্রাহকদের জন্য থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
গত ৯ নভেম্বর রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্যাটারিটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএভি ডিজিটাল পাওয়ারের মার্কেটিং জেনারেল ম্যানেজার মি. লি ফেংঝি (Mr. Li Fengjhi) এবং এলজির পরিচালক ফারিব শামস ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন শিল্পের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এলজির প্রতিনিধিরা জানান, প্রচলিত অনেক ব্যাটারির তুলনায় নতুন এই ব্যাটারিতে উন্নত প্রযুক্তি ও মানসম্মত উপাদান ব্যবহার করা হয়েছে, যা নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সহায়ক হবে। পাশাপাশি গ্রাহকদের আস্থা অর্জনে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন ডিলারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
নতুন ব্যাটারি প্যাকটিতে রয়েছে আল্ট্রা-ডিউরেবল গ্রিন কেস, উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম সেল এবং সমন্বিত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) প্রযুক্তি। এসব প্রযুক্তিগত সুবিধা ব্যাটারির সুরক্ষা, কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজির চেয়ারম্যান মি. শামসুল। তিনি ব্যাটারির গুণগত মান, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও বিক্রয়োত্তর সেবা নিয়ে ডিলারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে পণ্য উন্মোচনের পাশাপাশি ডিলার ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে র্যাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্যতা এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সমন্বয়ে নতুন এই লিথিয়াম ব্যাটারি দেশের ই-ট্রাইসাইকেল খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে এটি চালকদের জন্য দীর্ঘস্থায়ী ও নিরাপদ বিদ্যুৎশক্তির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
