ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামে ডিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার, জব্দ হার্ডজীপ গাড়ি

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৭:১২ পূর্বাহ্ন

banglahour

 

চট্টগ্রাম মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হার্ডজীপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-বন্দর)। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর/পশ্চিম) কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবা-এর নেতৃত্বে ডিবির একটি দল ১৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকার শিকলবাহা চরফরিদ এলাকায় অভিযান চালায়।

অভিযানটি ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন ‘সৈয়দ স্টোর’ নামের দোকানের সামনে পাকা সড়কে পরিচালনা করা হয়। এ সময় হাসিবুর রহমানকে আটক করে তল্লাশি চালালে তাঁর হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি জব্দ করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭।

গ্রেপ্তার ব্যক্তির পরিচয় সম্পর্কে পুলিশ জানায়, হাসিবুর রহমানের পিতার নাম মৃত আব্দুর রকিব শেখ এবং মাতার নাম হাসিনা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর, শেখ বাড়ি, মাঝিগাতি ইউনিয়ন। বর্তমানে খুলনা সদর এলাকার বাগমারা মেইন রোডের ১১ নম্বর বাড়িতে বসবাস করেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে হাসিবুর রহমান নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের কর্মরত সদস্য হিসেবে পরিচয় দেন। বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ধারী ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম