বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষ চারে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তাৎক্ষণিক সূচকে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, এদিন সকালে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে থাকা ঢাকার ঠিক পরেই রয়েছে চীনের বেইজিং (স্কোর ১৬৫) ও মিসরের কায়রো (স্কোর ১৬১)।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে প্রধান দূষক হিসেবে সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫ (PM2.5) বিপজ্জনক মাত্রায় রয়েছে, যা সংবেদনশীল মানুষসহ সাধারণ নগরবাসীর জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কমে যাওয়া এবং বাতাসের গতি কম থাকায় দূষণকারী কণাগুলো বাতাসে আটকে থাকছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
বিশ্বব্যাংকের পরিবেশগত বিশ্লেষণ অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালি, বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পোড়ানো।
উল্লেখ্য, একিউআই মানদণ্ড অনুযায়ী ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
