ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূমি অধিগ্রহণে ঘুরতে হবে না দপ্তরে, ঘরে বসেই মিলবে ক্ষতিপূরণের তথ্য: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৫ অপরাহ্ন

banglahour


​ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল যুগে প্রবেশ করল ভূমি প্রশাসন। এখন থেকে জমির মালিকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই ঘরে বসে অনলাইনে নিজেদের জমির ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
​রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ‘ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম’ বা ল্যার্মস (LARMS)-এর পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি এই সফটওয়্যারটির পাইলটিং যৌথভাবে শুরু করেছে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


​ভুক্তভোগীদের জন্য কী সুবিধা বয়ে আনবে এই সিস্টেম? প্রচলিত পদ্ধতিতে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে মাসের পর মাস এমনকি বছরও পার হয়ে যেত, যা জমির প্রকৃত মালিকদের জন্য ছিল চরম ভোগান্তির। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই নতুন ব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, “ল্যার্মস সফটওয়্যারটি চালু হওয়ার ফলে আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ হবে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক। জমির প্রকৃত মালিকরা কোনো মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়েই ঘরে বসে নিজের প্রাপ্য অর্থ ও সেবার অগ্রগতি জানতে পারবেন।”
​তিনি আরও জানান, কক্সবাজার ও সিলেটের এই পরীক্ষামূলক কার্যক্রমের কারিগরি ফলাফল ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে খুব শিগগিরই সারা দেশে এই ডিজিটাল সেবা চালু করা হবে।


​দাপ্তরিক কাজেও আসবে গতি
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, অটোমেশন পদ্ধতি না থাকায় এতদিন সাধারণ মানুষের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমেও নানা জটিলতা ও ভোগান্তি পোহাতে হতো। নতুন এই ডিজিটাল পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ভুলভাবে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলাকেই এই অটোমেশনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


​কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম