ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে একটি ম্যাটাডোরের ধাক্কার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা। ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে থাকায় এবং গাড়িতে কেউ না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পান তিনি।
ম্যাটাডোরের ধাক্কায় ঋতুপর্ণার গাড়ির পেছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে এসে তিনি দুর্ঘটনা দেখেন এবং জানান, সেখানে কেউ থাকলে বড় প্রাণহানি ঘটতে পারত।
ঋতুপর্ণা ও বাড়ির কর্মীরা ম্যাটাডোরের চালককে ঘটনাস্থলে আটকে রাখেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তিনি অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। এই ধরনের ঘটনায় বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
