চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আজ সোমবান বিকেলে ৫৯ বিজিবির সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য বলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু। তিনি বলেন, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক। আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরো বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে।
এদিকে, গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
