ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেন্টমার্টিনের নিষিদ্ধ সমুদ্রসীমায় হাঙর-শাপলাপাতা শিকার, কোস্ট গার্ডের অভিযানে ট্রলার আটক; স্কিপারের কারাদণ্ড

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:২৭ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন নিষিদ্ধ সমুদ্রসীমায় অনুমোদনহীন পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ট্রলারটিতে অভিযান চালিয়ে হাঙর ও শাপলাপাতা প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধারসহ ২০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের মূল স্কিপারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গত রোববার (২২ নভেম্বর ২০২৬) সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও নির্ধারিত সমুদ্রসীমা অতিক্রম করে অনুমোদনহীন ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণ করছিল ‘আল্লাহর দয়া-৬’ নামের ট্রলারটি। বিষয়টি নজরে আসার পর কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারটির গতিরোধ করেন। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে হাঙর ও শাপলাপাতা প্রজাতির মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলারে থাকা ২০ জনকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। আদালত ট্রলারের মূল স্কিপারকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, এ ঘটনায় আটক হওয়া বাকি ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকার জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে হাঙর ও শাপলাপাতার মতো সামুদ্রিক প্রাণী সংরক্ষণে আইন মেনে মাছ আহরণ এবং নিয়মিত নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমুদ্রসীমায় অবৈধ মাছ শিকার ও অনুমোদনহীন ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান সামুদ্রিক সম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম