ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় জাকিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন, যুবক গ্রেপ্তার

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(২০ মিনিট আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

 

 

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া আক্তারকে হত্যার ঘটনায় আকিবুল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন আকিবুল।

পুলিশের ভাষ্য, জাকিয়ার সঙ্গে আকিবুলের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন আকিবুল। গ্রেপ্তার আকিবুল দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে বাড়ির কাছের খালপাড় এলাকায় একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। দুটি কলাগাছ দিয়ে মরদেহটি ঢেকে রাখা হয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত ও অভিযান শুরু করে তারা। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআই মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল জানান, জাকিয়ার সঙ্গে তার দুই বছর ধরে সম্পর্ক ছিল। মাঝেমধ্যে রাতে তাদের দেখা হতো। ঘটনার দিন সন্ধ্যায় জাকিয়াকে নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে গল্প করতে করতে বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানক্ষেতে যান তিনি। সেখানে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে জাকিয়া বাধা দেয়। এ সময় বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকিয়া তাকে চড় মারে। এতে আকিবুল  ক্ষিপ্ত হয়ে জাকিয়ার গলা চেপে ধরেন। পরে অচেতন হয়ে পড়লে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন আকিবুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর জাকিয়ার মরদেহ ফিশারির পাশের ধানক্ষেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন আকিবুল। এরপর সেখান থেকে চলে যান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কিশোরী হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম