ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সারাদেশ | আবু তাহির। ফ্রান্স।

(১৬ মিনিট আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

 

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

২৩ নভেম্বর সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬ নম্বর এলাকার টাউন হলে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আগত অতিথিদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান, স্বাধীনতা-পরবর্তী উন্নয়ন ও বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চলমান আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সরকারদলীয় ও বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম