ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩০ মিনিট আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour


               
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের দলীয়করণ ও নানা অনিয়মের কারণে সিলেটের ক্রীড়াঙ্গনের যে ঐতিহ্য ও সুনাম ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে সিলেটের ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে নতুন করে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে মাঠে খেলাধুলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

রাতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণ ক্রীড়া সংগঠকেরা এগিয়ে এসেছেন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট সংগঠক ও সাবেক খেলোয়াড়দের এ উদ্যোগে সম্পৃক্ততা আশাব্যঞ্জক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল অন্যতম। গ্রামগঞ্জে শীত মৌসুমে শত শত তরুণ ফুটবল নিয়ে মাঠে নামেন। কোথাও খেলার উপযুক্ত মাঠ না থাকলেও তাঁরা খেলার সুযোগ খুঁজে নেন। একসময় সিলেটের ফুটবলকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ থাকত। সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, মাঠে দর্শক ফিরিয়ে আনা এবং মানসম্মত খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তিনি সিলেটকে ভালোবাসতেন এবং এ অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে আগ্রহী ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে সফল করতে আয়োজক, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।


সিসিক প্রশাসক বলেন, একটি টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজকদের অনেক পরিশ্রম করতে হয়। একইভাবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও থাকে ভালো করার তীব্র প্রতিযোগিতা। আমরা চাই, এই প্রতিযোগিতা খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ভূমিকা রাখুক এবং সিলেটের তরুণেরা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাক।

তিনি জানান, একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। সিলেটে নিয়মিত ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজন করা হবে। মেয়র কাপ ক্রিকেট, হাডুডু ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও সে পথ উন্মুক্ত করতে চায় সিটি করপোরেশন। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরির যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দেশব্যাপী উদ্যোগ চলছে। সিলেটও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দীর্ঘ ১৭ বছর পর ক্রীড়াঙ্গনের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হয়ে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়ানুরাগীদের সহযোগিতা প্রয়োজন।

আসন্ন টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৭ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন। তিনি নিজেও একজন সাবেক কৃতী ফুটবলার। তাঁর নেতৃত্বে ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্য এসেছে। আমরা চাই, এ টুর্নামেন্টকে ঘিরে সিলেটের মাঠে আবারও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি তৈরি হোক।

সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন। বক্তব্য দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিসিবি পরিচালক ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশন ও উপজেলার ১৪টি দল অংশগ্রহণ করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম