আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থান সৃষ্টিসহ নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন মেয়র পদপ্রার্থী রাকিব আহমেদ। নির্বাচিত হলে পৌরবাসীর জীবনমান উন্নয়নে ১০টি গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।
রাকিব আহমেদের নির্বাচনী প্রচারপত্রে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—পৌর এলাকার কাঁচা রাস্তা পাকা করা, সড়ক ও ব্রিজের আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের কথাও তুলে ধরা হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমস্যা সমাধানে নিয়মিত 'ওপেন হাউস ডে' আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাঁর।
এ ছাড়া অসহায়, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, নারীপ্রধান পরিবার ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে শতভাগ ত্রাণ ও সহায়তা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গঠন এবং হতদরিদ্র পরিবারের জন্য পৌরকর মওকুফের প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রার্থী।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও প্রবাসে কাজের সুযোগ তৈরির পাশাপাশি শহরের যানজট নিরসনে পরিকল্পিত উদ্যোগ এবং বৈধ নাইটকোচ স্ট্যান্ড স্থাপনের কথাও তাঁর নির্বাচনী পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রচারপত্রে 'সবার আগে কুড়িগ্রাম' স্লোগানকে সামনে রেখে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাকিব আহমেদ। তিনি বর্তমানে কুড়িগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সাবেক জেলা ছাত্রদল সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন। এবারই প্রথম এতো কম বয়সী কোন ব্যক্তি মেয়র প্রার্থী হয়েছেন। রাকিব আহমেদ অনার্স মাস্টার্স সম্পন্ন করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনের কাজে ফাঁকে সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। তিনি তাঁর পুরো জীবনটা অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জন্য বিলিয়ে দেয়ার দিতে চান।
কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকার ইয়াসিন আলী বলেন, "ভোট আসলে সবাই শুধু প্রতিশ্রুতি দেয়। ভোট শেষে সবাই ভুলে যায়। আমরা এবার তরুণদের প্রার্থী চাই। যে কথা দিয়ে কথা রাখবে।"
চর হরিকেশ এলাকার রিকসা চালক আব্দুল আজিজ বলেন, "ভোট আসে ভোট যায়, হামারগুলের কোন উন্নয়ন হয় না। এবার হামরা নতুন মুখ চাই। রাকিব ছেলেটা ভালো। অনেকের মুখে তার সুনাম শুনেছি। সে বিএনপি সমর্থিত প্রার্থী হলে আমরা তাকেই ভোট দিমো।"
এ বিষয়ে কুড়িগ্রামে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব আহমেদ বলেন, "বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ও ভালবাসা রয়েছে। দলের দুঃসময়ে কাজ করেছি। এখনও করছি। দলের নীতিনির্ধারণী ফোরাম আমার কাজের মুল্যায়ন করে আমাকে সমর্থন দিবেন বলে আশা করি। দল আমাকে সমর্থন দিলে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবো এবং দলকে কুড়িগ্রাম পৌরসভা মেয়রের পদটি উপহার দিব। সেই সাথে নাগরিকসেবা নিশ্চিত করে একটি মডেল পৌরসভা গড়ে তুলতে, অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নিজেকে উৎস্বর্গ করবো-ইনশাল্লাহ্।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
