বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুছ গ্রেফতার
বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মোঃ ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬)কে দীর্ঘ ১০ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
১ নভেম্বর মঙ্গলবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। উক্ত ঘটনায় দায়ের কৃত হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ উক্ত মামলায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।
ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে হাইকোর্ট উক্ত মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ৩১ অক্টোবর সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইউনুছকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইউনুস মাগুরার খন্দকার ইয়াকুব আলীর সন্তান। সে দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
