ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চলতি অর্থবছরে শেষ হচ্ছে সবচেয়ে বেশি উন্নয়ন প্রকল্প

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

banglahour

চলতি অর্থবছরে  আগামী জুন মাসের মধ্যে ৩৩৯টি প্রকল্প শেষ করতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্টরা। সেটি পালন করায় এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ৩৩৪টি প্রকল্প সমাপ্ত হচ্ছে। বাস্তবায়ন শেষ হচ্ছে বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পও। তবে কাজ শেষ না হওয়ায় শুধু ৫টি প্রকল্প যুক্ত করা হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে।

 

সবচেয়ে বেশিসংখ্যক স্বাস্থ্য খাতের ৪৫টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পরিবহণ ও যোগাযোগ খাতের ৪৩ এবং তৃতীয় অবস্থানে থাকা কৃষি খাতের ২৭টি প্রকল্প শেষ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরিকল্পনা কমিশনের কঠোর অবস্থানের কারণে সমাপ্ত প্রকল্পের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

 

পরিকল্পনা কমিশন জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে নির্ধারিত ৩৩৯টি প্রকল্পের মধ্যে ৩৩৪টি এবং শেষ করার জন্য নির্ধারিত ছিল না এমন ২২টি প্রকল্পসহ এ বছর শেষ হবে মোট ৩৫৬টি প্রকল্প। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় শেষ করার জন্য নির্ধারিত প্রকল্পগুলো আবশ্যিকভাবে সমাপ্ত করতে হবে। এছাড়া এসব প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না বলে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এরও আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পগুলো বাধ্যতামূলকভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব কঠোর অবস্থানের কারণে প্রকল্পগুলো সমাপ্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্ত হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি হলো-কর্ণফুলী টানেল নির্মাণ এবং ভাসমান বেডে সবজি ও মসলার চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প। এছাড়া বীজ প্রত্যয়ন কার্যক্রম সম্প্রসারণ, সুন্দরবন ব্যবস্থাপনা প্রকল্প-২, ইন্সটলেশন অব প্রিপেইড গ্যাস মিটার ফর টিজিটিডিসিএল, ডিপিডিসির আওতায় ঢাকার কাওরান বাজারে ভূগর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। আরও আছে যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)-ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ এবং কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প।

 

 


 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯