ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাড়ি থামিয়ে জনগণের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী, সফর শেষে মোংলা ত্যাগ

জাতীয় | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

banglahour

দিনব্যাপী ব্যস্ততম সরকারি সফর শেষে বাগেরহাটের মোংলা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকা থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সফরে তিনি সুন্দরবনের আকরাম পয়েন্টে একটি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের স্থান আকাশপথে পরিদর্শন করেন। এরপর মোংলা পৌঁছান। সরকারি এই সফরে তিনি মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনা এবং বেজা-র প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরেজমিন ঘুরে দেখেন।
গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ
সফর শেষে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুই পাশে হাজারও স্থানীয় মানুষ ভিড় করেন। জনগণের ভালোবাসা ও আবেগের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বহরের গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। তিনি সাধারণ মানুষের সাথে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। আকস্মিকভাবে প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।


এর আগে দুপুরে মোংলার দিগরাজে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে খুলনার বিভাগীয় বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ পর্যালোচনামূলক বৈঠকে অংশ নেন তিনি।
বিকালে মোংলা বন্দরের মূল জেটি এলাকায় যান প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং মোংলা বন্দরের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়ন নিয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোন এলাকা ঘুরে দেখেন।

সম্পূর্ণ সরকারি সফর হওয়ার কারণে সফরকালে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ বা দলীয় নেতাকর্মীদের সাথে আলাদা কোনো বৈঠকে অংশ নেননি তিনি।

 

স্থানীয় ব্যবসায়ী, বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোন ও বন্দর সম্প্রসারণ প্রকল্পগুলো পুরোদমে বাস্তবায়িত হলে এ অঞ্চলে প্রায় ৬০ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মোংলা কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পুরো উপকূলীয় অঞ্চলে নতুন অর্থনৈতিক গতির সঞ্চার হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার আগেই মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরটি কেন্দ্র করে দিনভর বন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম