রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের যুক্ত হওয়ার ব্যাপারে নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়ার চেষ্টা করেছে মস্কো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের দু’দিন পর ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বললেন, রুশ সেনায় ভারতীয়দের কখনোই চাওয়া হয়নি। ভারতীয়দের যোগ দেয়ার পিছনে রয়েছে আর্থিক কারণ। উল্লেখ্য, রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে অব্যাহতি দেয়া নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মোদির কথা হয়। জানা যায়, মোদির দাবি মেনেছেন রুশ প্রেসিডেন্ট।
কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে সে দেশের সেনাবাহিনীত যোগ দিতে ভারতীয়রা বাধ্য হয়েছেন বলেই এর আগে শোনা গিয়েছিল। যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয়র মৃত্যুও হয়। প্রধান বিরোধী দল কংগ্রেসের বক্তব্য, এই গোটা ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, মোদি জমানায় ভারতে কর্মসংস্থানের পরিস্থিতি ঠিক কেমন। বিপদ অনিবার্য জেনেও বিদেশে গিয়ে সেখানে যুদ্ধে যোগ দিতে বাধ্য হচ্ছেন যুবকেরা, কারণ বিনিময়ে অর্থ পাওয়া যাবে। মোদির গ্যারান্টি-র ছিটেফোঁটাও যদি কর্মসংস্থানে দেখা যেত তা হলে এই ঘটনা ঘটত না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
