অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
এদিন বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময়সূচি নির্ধারিত ছিল। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় প্রবেশ করে। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
