ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনের পরিবেশ জন্য প্রয়োজনীয় সময় পাবে অন্তবর্তীকালীন সরকার

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন

banglahour

জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে দলগুলোর নেতারা এ কথা জানান।

সোমবার বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হয়। সেখানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের বিষয়ে দলগুলোর মতামতও নেওয়া হয়েছে। সব দলই শোক দিবস বাতিলের পক্ষে মত দেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। তবে দলগুলোর পক্ষ থেকে শোক দিবস বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আবার সরকারের সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো কথা বলেননি। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিনটিকে বহু বছর ধরে জাতীয় শোক দিবস হিসাবে পালন করে আসছে আওয়ামী লীগ।

বৈঠক সূত্রগুলো জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও এদিন ছুটি বাতিল করার বিষয়টি মূল আলোচ্যসূচি ছিল। তবে প্রসঙ্গক্রমে বিএনপিসহ কয়েকটি দল তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানায়। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলো জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো আলোচনা হয়নি। তবে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা যুগান্তরকে জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দলটি।

বিএনপির বৈঠকের পর এনডিএম, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদের দুই অংশ, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নেওয়া বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ফরিদা আখতার, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নির্বাচনের পরিবেশের জন্য সরকারকে সময় দেবে বিএনপি : বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে নির্বাচন নিয়ে আমরা কথা বলিনি। আমরা আগেও বলেছি আপনারা জানেন যে, একটা নির্দিষ্ট সময় লাগবে নির্বাচনের জন্য, উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদের সেই সময়টি অবশ্যই দিয়েছি। আমরা তাদের (অন্তর্বর্তীকালীন সরকারের) সব বিষয়ে সমর্থন দিয়েছি।’

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম