সিলেটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে শাওন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম।
নিহত শাওন হবিগঞ্জ জেলা সদরের মোহাম্মদপুরের সেলিম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি নগরের বনকলাপাড়া এলাকায় বসবাস করতেন। শাওন ও তার ভাই নগরের সুরমা মার্কেটে প্রিন্টিং ব্যবসা করতেন।
জানা গেছে, সিলেট নগরের বাগবাড়ি এলাকা ও সাগরদিঘীর পাড় এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে তাদের সিনিয়ররা বিষয়টিতে হস্তক্ষেপ করে সমাধান করে দেন। তারপরও ভেতরে ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। তারই জেরে শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েক কিশোর সাগরদিঘীর পাড়ে গিয়ে শাওনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণগত কারণে তার মৃত্যু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
