রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহে আলমকে (৬৫) গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টায় থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মাহে আলম শেরেবাংলা নগর থানার ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে শেরেবাংলা নগর মহিলা কলেজের সামনে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে মাহে আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ভিকটিম হাফিজুর রহমান সুমন গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফিজুর রহমান সুমনের স্ত্রী মোছা. বিথি খাতুনের অভিযোগের ভিত্তিতে ৯ অক্টোবর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। তদন্তের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শনিবার রাতে মাহে আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় থানা পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
