ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে নিহত ও আহত কর্মীদের দেখতে হাসপাতালে বিদ্যুৎ উপদেষ্টা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৪৭ অপরাহ্ন

banglahour

রাজধানীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত বিদ্যুৎকর্মীকে দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। এ সময় তিনি বলেন, "এটি কোনো দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা। এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উপদেষ্টা আরও বলেন, “লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ সচল রাখার দায়িত্বহীনতার জন্য ডিপিডিসি, কোম্পানি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না।” এই অবহেলার জন্য একজন প্রাণ হারিয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।

আহতদের সুচিকিৎসার নির্দেশ দেন উপদেষ্টা, হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানান এবং আহতদের জন্য কেবিন বরাদ্দের ব্যবস্থা করেন। এ ছাড়া, ডিপিডিসির পক্ষ থেকে হাসপাতালে সার্বক্ষণিক লোক নিয়োগেরও নির্দেশ দেন। নিহত এবং আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে উপদেষ্টা বলেন, "মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, তবে সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াবে।" নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহতদের দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।

এর আগে তিনি ঘটনাস্থল মানিকনগরে পরিদর্শন করে দুর্ঘটনার কারণ দ্রুত অনুসন্ধানের নির্দেশ দেন। গত সোমবার সন্ধ্যায় মানিকনগর এলাকায় সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত এবং দুজন আহত হন। নিহতের নাম মো. নবীর হোসেন এবং আহতরা হলেন- মাসুম মিয়া ও রবিউল ইসলাম। তারা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঘটনাস্থল পরিদর্শনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ডিপিডিসি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম