ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনই নারী, যা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি এবং দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুষ্প আক্তার, সহসভাপতি হয়েছেন আয়েশা সিদ্দিকা পান্না ও মুক্তা আক্তার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নুসরাত জাহান তনু ও নাজনিন আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হোসেন।
কমিটির সভাপতি কনিকা আক্তার বলেন, "ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।"
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, চালতপাড় কলেজের নারী শিক্ষার্থীরা সাংগঠনিক কার্যক্রমে সবসময় সক্রিয় ছিলেন। বিশেষ করে, জুলাই আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, "যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি, তখন মেয়েরাই প্রথম এগিয়ে এসেছিল। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।"
নারী নেতৃত্বকে সামনে রেখে গঠিত এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
