ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বস্ত্র শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বিটিএমএ

জাতীয় | মো মির্জা আসাদুজ্জামান। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ৬:১০ পূর্বাহ্ন

banglahour

 

​তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্র খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সংগঠনটি।

​শনিবার (২৮ নভেম্বর) বিটিএমএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্ত্র খাতের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি কাঠামো ২০২৪ সালে ঘোষণা করা হয়েছিল, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে। তবে শ্রমিকদের স্বার্থ ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নির্ধারিত মেয়াদের আগেই একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী বেতন কাঠামো চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা শুরু করেছে মিল মালিকদের এই সংগঠন।

​বিটিএমএ উল্লেখ করেছে, তৈরি পোশাক ও প্রাথমিক বস্ত্র শিল্প একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি এবং পোশাক খাতের প্রবৃদ্ধিতে বস্ত্র খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেহেতু তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, তাই বস্ত্র শ্রমিকদের মজুরির বিষয়টিও সমান গুরুত্বের দাবি রাখে।

​এদিকে, উচ্চতর মজুরির দাবিতে দেশের কয়েকটি বস্ত্র কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিটিএমএ। সংগঠনের দাবি, স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রতিক এই অস্থিরতার কারণে পোশাক ও বস্ত্র খাতের উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

​রপ্তানিমুখী প্রধান এই শিল্পে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং দিনশেষে শ্রমিকরাই বিপাকে পড়বেন বলে সতর্ক করেছে বিটিএমএ। এ পরিস্থিতিতে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য ও শ্রমিকবান্ধব একটি নতুন মজুরি কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে বিটিএমএ।

​উল্লেখ্য, স্পিনিং, প্রিন্টিং, ডাইং ও ফিনিশিং খাত মিলিয়ে বিটিএমএর অধীনে ১ হাজার ৮৮৮টি সদস্য কারখানা রয়েছে, যেখানে প্রায় ২০ লাখ শ্রমিক কর্মরত আছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম