থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সামুদ্রিক পরিবহণে সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে ব্যাংককের একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তি স্বাক্ষর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
