মুম্বাই/কলকাতা — সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক সিনেমা নিয়ে বলিউডে চলছে চুপিসারে জোরকদমে কাজ। ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে চিত্রনাট্য তৈরি, আর ‘দাদা’র ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন রাজকুমার রাও।
এই বায়োপিকের পরিচালনায় আছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, আর সৌরভ গাঙ্গুলী নিজেও এই প্রজেক্টে সরাসরি যুক্ত আছেন। সূত্র বলছে, রাজকুমারের ওপর সৌরভ ও পরিচালক—দুজনেই পূর্ণ আস্থা রেখেছেন।
ভাইরাল লুক: রাজকুমার রাও হয়ে উঠছেন ‘দাদা’
রাজকুমার ইতোমধ্যে নিজেকে গাঙ্গুলীর চরিত্রে মানিয়ে নিতে অনুশীলন শুরু করে দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে তাকে হুবহু সৌরভ গাঙ্গুলীর মতো দেখা যাচ্ছে। যদিও অনেকে বলছেন, ছবিটি AI দিয়ে তৈরি—তবে এটি তার প্রস্তুতিরই এক ঝলক বলেই দাবি ভক্তদের।
ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে?
গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী-র চরিত্রে কে থাকবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একটি বিষয় পরিষ্কার—তৃপ্তি দিমরি এই চরিত্রে থাকছেন না। পরিচালকরা মনে করছেন, ডোনার চেহারায় যে “বাঙালিয়ানার ছাপ” রয়েছে, তা তৃপ্তির মধ্যে মেলে না।
তাই প্রাথমিকভাবে যেসব নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন—
মিমি চক্রবর্তী: বর্তমানে ‘রক্তবীজ ২’-এর নায়িকা, এবং মুকেশ ছাবড়ার নজরে পড়েছেন।
ইশা সাহা: তার মধ্যেও রয়েছে প্রবল বাঙালিয়ানার ছাপ, যা ডোনা চরিত্রে মানিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতার দিকে নজর বলিউডের
চরিত্র নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। গত ৩ এপ্রিল তিনি কলকাতায় ছিলেন এবং ‘রক্তবীজ ২’-এর সেটেও ঘুরে গেছেন। জানা গেছে, তিনি টালিউড থেকে নতুন প্রতিভা তুলে আনতে আগ্রহী, এবং বলিউড-টালিউডের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন গড়ার চেষ্টা করছেন।
সহযোগিতার আশ্বাস ও আগাম পরিকল্পনা
টালিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মুকেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে একাধিক বড় প্রজেক্টে কাজ করার ইঙ্গিত দিয়েছেন মুকেশ নিজেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
