ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (সোমবার)
আগামী ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন।
সাধারণ বোর্ডের অধীনে এসএসসি’র লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার লিখিত অংশ শেষ হবে ১৫ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে পর্যন্ত।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানিয়েছেন, সরকার এবং শিক্ষা বোর্ডগুলো নানা ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এসব চ্যালেঞ্জ ও প্রস্তুতির বিষয় আলোচনা হয়।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে উল্লেখযোগ্য কিছু নির্দেশনার মধ্যে রয়েছে—
প্রবেশের সময়: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
মুঠোফোন নিষিদ্ধ: কেন্দ্রসচিব ছাড়া কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল ছবি তোলা ও ইন্টারনেট সুবিধাবিহীন ফিচার ফোন ব্যবহার করতে পারবেন।
প্রশ্নপত্র পরিবহন: ট্রেজারি বা থানার নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্ন আনতে হলে ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক। কালো কাঁচযুক্ত গাড়ি ব্যবহার নিষিদ্ধ।
১৪৪ ধারা: পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।
কোচিং সেন্টার বন্ধ: ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশজুড়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
ফটোকপি মেশিন: পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখতে হবে।
উত্তরপত্র প্রেরণ: প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষে দ্রুত উত্তরপত্র পাঠাতে হবে নিকটস্থ ডাক বিভাগে।
আইনি ব্যবস্থা: প্রশ্ন ফাঁস বা অননুমোদিত প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে। সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।
পরীক্ষার তথ্য ও আপডেট গণমাধ্যমে দেওয়ার দায়িত্বে থাকবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান।
কঠোর নজরদারি
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবিচারে নজরদারি চালাবে। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এ বছরও নকলমুক্ত ও প্রশ্নফাঁসবিহীন পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে।
পরীক্ষার্থীদের সফলতা কামনা করে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যেন আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি নেয় এবং নিয়ম মেনে অংশগ্রহণ করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
