‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেখানোর হুমকি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমান দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। সোমবার (৭ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
স্ট্যাটাসে তাহমিনা রহমান লেখেন, “আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে কষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আল্লাহ আমাকে ক্ষমা করুন।” তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো তার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না এবং কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
তিনি বলেন, “আমি কখনোই ফিলিস্তিন ও গাজার মজলুম মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংসতা সমর্থন করিনি, করবোও না। আমি নিঃসন্দেহে গাজার জনগণের পাশে আছি এবং তাদের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিকে সমর্থন করি।”
তাহমিনা জানান, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে তিনি অবগত ছিলেন না। ব্যস্ততার কারণে সেদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকায় আন্দোলনের পরিপ্রেক্ষিত ঠিকভাবে বুঝতে পারেননি। তিনি বলেন, “আমি ভেবেছিলাম এটি শুধুমাত্র আমার ব্যাচের শিক্ষার্থীদের একটি সিদ্ধান্ত। সেই ভুল ধারণা থেকেই আমার প্রতিক্রিয়া এসেছে। তবে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।”
স্ট্যাটাসের শেষে তিনি শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু এবং যারা তার কথায় কষ্ট পেয়েছেন তাদের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চান।
প্রসঙ্গত, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সারাবিশ্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে তাহমিনা রহমানের হুমকির স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
