বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে রাজধানীর হেডকোয়াটার্সে অনুষ্ঠিত হলো একটি দিনব্যাপী “সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন” বিষয়ক ব্যতিক্রমী কর্মশালা। রোববারের এই আয়োজন ডিজিটাল বাংলাদেশ গঠনে বাহিনীর সদস্যদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)। কর্মশালাটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘বেস্ট লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর’ পুরস্কারপ্রাপ্ত রবিন রাফান।
প্রশিক্ষণে অংশ নেন আনুমানিক ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য। তাদেরকে কনটেন্ট আইডিয়া জেনারেশন, স্ক্রিপ্ট রাইটিং, মোবাইল ভিডিওগ্রাফি, সম্পাদনা, ভিজ্যুয়াল এফেক্টস এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা।
ওয়ার্কশপ শেষে প্রধান অতিথি মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ প্রশিক্ষক রবিন রাফানকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সম্মাননা রবিনের সমাজে গঠনমূলক কনটেন্ট নির্মাণ ও ডিজিটাল অগ্রগতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করে রবিন রাফান বলেন, “আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। আনসার ও ভিডিপির মতো গর্বিত বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পারা এবং এই সম্মাননা গ্রহণ করাটা আমার জীবনের এক বিশেষ অধ্যায়।”
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “এই ডিজিটাল যুগে জনগণের সাথে আরও সখ্য বজায় রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনেক। আমরা চাই, বাহিনীর সদস্যরা ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে দেশসেবার মান আরও উন্নত করুক। রবিন রাফান এই পথচলায় এক অসামান্য অবদান রেখেছেন।”
এই কর্মশালা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বাহিনীর সদস্যদের মধ্যে এমন সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
