সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পরিষ্কার বার্তা চায় বিএনপি। দলটি মনে করছে, সরকারের আট মাস পেরিয়ে গেলেও নির্বাচন ঠিক কবে হতে পারে-এ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়সীমার কথা বলা হচ্ছে তাতে নির্বাচন নিয়ে জনমনে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ অবস্থায় সরকারের ভাবনা এবং নিজেদের অবস্থান জানাতে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি।
আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবির বিষয়ে অনড় থাকবে বিএনপি। পাশাপাশি এ ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণাও চাইবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে ‘নেতিবাচক’ ধারণা পেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি।
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে-এ কথা বলে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার দপ্তর। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে ৫ বছরের জন্য ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে নির্বাচন ইস্যুতে সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বিএনপি।
যে কারণে দলটি প্রধান উপদেষ্টার কাছে প্রত্যাশা করছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন। যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে প্রধান উপদেষ্টা এ সংক্রান্ত ঘোষণা দেবেন।
এদিকে বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দুই বৈঠকসহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্র জানায়, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পৃথক দুই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা ঠিক করা হয়।
সংশ্লিষ্ট নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা কথা বলবেন।
এছাড়াও সংস্কার ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা দিয়ে অনেকে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। সে বিষয়েও প্রধান উপদেষ্টাকে বিস্তারিত ব্যাখা করবে বিএনপি। নেতারা বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোনো কর্মসূচি দেবেন কি না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
