ঢাকা, ২০ এপ্রিল — বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বিএনপি প্রতিনিধি দলের যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।”
সকালে ১১টায় আবার শুরু হওয়া এই সংলাপে বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন— স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আবু মো. মনিরুজ্জামান খান।
এর আগে গত বৃহস্পতিবার এই সংলাপ মুলতবি হয়। সেদিন সব প্রস্তাব নিয়ে আলোচনা সম্পন্ন না হওয়ায় আজকের বৈঠকে আলোচনার বাকি অংশ অনুষ্ঠিত হচ্ছে।
সালাহউদ্দিন আশা প্রকাশ করে বলেন, “আজকে পাঁচ কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা সমাপ্ত করা যাবে। এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম, সেখান থেকেই আবার শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও জনপ্রশাসনসহ বাকি কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনা শেষ করব। আশা করছি বিকেলের মধ্যেই বৈঠক শেষ করা সম্ভব হবে।”
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত আছেন সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার দলীয় ফোরামে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং সেসব আজ কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
