জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই, তার সঙ্গে আমরাও নেই।" বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত দাবি করেন, “শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি বৈঠক করেছে।” তিনি বলেন, “আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই বিচারের নামে কালক্ষেপণ চলছে। এক পর্যায়ে বলা হবে—এক সময়ের জনসমর্থিত দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।”
তিনি আরও লেখেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, যার পরিকল্পনায় দলটিকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
এর আগে বৃহস্পতিবার সকালে আরেকটি পোস্টে হাসনাত অভিযোগ করেন, “খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, আর শিরীন শারমিনকে রাষ্ট্রীয়ভাবে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।”
তিনি জানান, “দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও এখন মে মাসে এসেও শুরু হয়নি। অথচ বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার হবে?”
পোস্টের শেষ অংশে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন, “তা ইন্টেরিম সরকার, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। পরে গত ২৮ ফেব্রুয়ারি তিনি নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
