আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের জন্য আজীবন উন্নত চিকিৎসার দাবিতে আজ রোববার আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহত অংশগ্রহণকারীরা।
সকালে শাহবাগে অবস্থান নেন আহত আন্দোলনকারীরা। তারা জানান, “জুলাই বিপ্লব কোনো দলের সম্পত্তি নয়। যতদিন বেঁচে থাকব, আওয়ামী লীগ বা তাদের দোসরদের পুনর্বাসন হতে দেব না।” তাদের স্পষ্ট ঘোষণা, নাটক নয়—আইনি পদক্ষেপেই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
আন্দোলনকারীরা বলেন, “আমরা রাজপথেই জুলাই ঘোষণাপত্র চাই। পাশাপাশি আহতদের চিকিৎসা নিয়ে কোনো ছলচাতুরী নয়—স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও আজীবন চিকিৎসার নিশ্চয়তা চাই।”
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। আহতদের পরিবার ও সহযোদ্ধারাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শাহবাগে অবস্থান নিয়েছেন।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগ এলাকায় বাড়তি সতর্কতায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। শনিবারও শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দাবিতে গণসমাবেশে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
