সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সমাজসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, আজকের মতো গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ ভবিষ্যতেও তাদের এই সেবামূলক ধারা অব্যাহত রাখবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে একইভাবে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে।
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আয়োজিত এ চক্ষুশিবিরের উদ্বোধনী দিনে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সমন্বয়ক মো. মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি এম সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনক্লুসিভ আই হসপিটালের ম্যানেজার লিংকন দাস, বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় প্রতিনিধি সদস্য সুজন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ছয়ফুল ইসলাম সাহান, মারজান আহমেদ, মাহফুজ খান, ফয়জুল হক, হালিম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মারজান খান।
আয়োজকরা জানান, সেবা প্রদানকৃত রোগীদের মধ্য থেকে ৫০ জন ছানি পরা রোগীকে বিনামূল্যে চোখের লেন্স সংযোজন (অপারেশন) করে দেওয়া হবে। এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
