দিনাজপুর, ১১ মে — ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সীমান্তের দিনাজপুর জেলার হিলিসহ অন্যান্য সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ।
রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক। তিনি জানান, ভারত-পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির সদস্যরা সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন। দিনাজপুর জেলার প্রতিটি সীমান্ত পয়েন্টে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে সীমান্ত নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে আমরাও সতর্ক অবস্থানে রয়েছি। পুলিশের টহল দল নিয়মিত টহল দিচ্ছে এবং সীমান্ত এলাকাতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।”
সীমান্তের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দুই বাহিনী ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
