ঢাকা, ১২ মে — সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে। তবে ২০২৪ সালের রাজনৈতিক অভ্যুত্থানের পর এখনই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযুক্ত সময়।
সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপ শুরুর আগে ড. রীয়াজ এ বক্তব্য দেন। তিনি বলেন, "এটা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা যদি এখন সম্মিলিতভাবে কাজ করি, তবে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।"
সংলাপে অংশগ্রহণকারী গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, তাদের জোট সংস্কারের পক্ষে রয়েছে। তবে তারা উল্লেখ করেন, সংস্কারের রূপরেখায় সমাজতন্ত্রের ভিত্তি থাকতে হবে। খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরো বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক ঐকমত্য ও অন্তর্ভুক্তিমূলক সংস্কারের কোনো বিকল্প নেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
