সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বালুবোঝাই একটি ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। সোমবার ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ার পর থেকে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কয়েক কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। তবে এলাকাবাসীর অভিযোগ, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সেতুটি বেশি দিন স্থায়ী হয়নি।
ঘটনার সময় ট্রাকটিতে চুরি করা বালু ছিল বলে জানা গেছে। সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা খনিজ বালু ট্রাকযোগে বিভিন্ন স্থানে সরবরাহের সময় এই সেতুটি ব্যবহার করা হতো।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের সদস্য মন্তুস দাশ বলেন, “দায়সারা মানের নির্মাণের কারণে এই সেতু দীর্ঘস্থায়ী হয়নি। সোমবার ভোরে অতিরিক্ত ভারে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। ফলে আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।”
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক, চালক, হেলপার ও শ্রমিক সবাই পালিয়ে গেছে। চুরি করা বালুর মালিককেও এখনো শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “সেতু ভেঙে পড়ার খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ বালু পরিবহন বন্ধ এবং সেতুর টেকসই পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
