জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্র সম্পাদক মজিবুর রহমান দুলু পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেশীদের বরাতে জানা গেছে, ছোট ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব।
দুলুর বড় ছেলে দেশের বাইরে থাকায় ছোট ছেলে ও তার স্ত্রীর সাথেই বসবাস করতেন তিনি। অভিযোগ, সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখা হচ্ছিল তাকে। দাবি না মানায়, শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। মারধরের পর অচেতন অবস্থায় পড়ে থাকলেও ছেলে ও ছেলের বউ তাকে ফেলে রেখে চলে যায়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে দুলুকে দেখতে যান তার দীর্ঘদিনের সহকর্মী আবু মুসা দেবু। তিনি জানান, “হাসপাতালে এসেও অবহেলার মধ্যে আছেন দুলু ভাই। ছেলে ও ছেলের বউ কেউই দেখতেও আসেনি। এটা চরম বেদনার।”
চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা রাষ্ট্রীয় সহায়তার আহ্বান জানিয়ে বলেন, একজন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক আজ অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না—এটা জাতির জন্য লজ্জা। সিনিয়র পরিচালক এফ আই মানিক, এ জে মিন্টু ও দেবুসহ অনেকেই সরকারের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ‘নয়ন মনি’ দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু করে ‘সুজন সখী’, ‘ভাত দে’, ‘তিন কন্যা’, ‘হাজার বছর ধরে’সহ প্রায় ৩০০ সিনেমায় সম্পাদনার কাজ করে দুলু নিজেকে এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। আজ সেই শিল্পী চিকিৎসার জন্য জীবনযুদ্ধে লড়ছেন, রাষ্ট্রীয় সহযোগিতা এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
