ঢাকা, ৩ জুন — দেশের চিকিৎসক সংকট মোকাবেলায় ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা দ্রুত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
পিএসসি জানায়, চিকিৎসা খাতে জরুরি নিয়োগ প্রয়োজন হওয়ায় ২৭ মে গেজেট প্রকাশের মাত্র দুই দিনের মাথায়, ২৯ মে বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৫ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে পরীক্ষার তিন দিনের মধ্যেই—২১ জুলাই। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করবে কমিশন।
৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
পিএসসি জানিয়েছে, চিকিৎসকদের দ্রুত নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করাই এই বিশেষ বিসিএসের মূল লক্ষ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
