আগামী শনিবার, ৭ জুন, উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে মৌসুমী বায়ুর প্রভাব থাকায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হতে পারে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ওই তিন বিভাগের দু-এক জায়গায় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঈদের দিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে সকালে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে।
ঈদের পরদিন রোববার (৮ জুন) এবং সোমবার (৯ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই রকম বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে।
উৎসবের মৌসুমে ঘোরাঘুরি ও কোরবানির প্রস্তুতিতে আবহাওয়ার এই পূর্বাভাস দিচ্ছে কিছুটা স্বস্তি, তবে পূর্ব সতর্কতাও জরুরি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
