অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার কড়া নিন্দা জানিয়েছেন ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি।
৬০ বছর বয়সি এই কোচ এক ভিডিও বার্তায় বলেন, “আমি আশা করি গাজার যুদ্ধ শিগগিরই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।”
তিনি আরও বলেন, “এই দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়।”
রবার্তো মানচিনি বর্তমানে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, ঈদুল আজহার পরের দিন (৭ জুন) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান বাহিনীর হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।
গাজার সিভিল ডিফেন্স বিভাগসূত্রে আল-জাজিরা জানিয়েছে, টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ৫৪,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১,২৫,৬৫০ জনের বেশি আহত হয়েছেন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ, আল-জাজিরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
