নয়াদিল্লি, ৯ জুন (বাসস):
ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে।
সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে গুজরাটে, যেখানে একদিনে ১৫৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া কর্ণাটকে ৫৭ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন, দিল্লিতে ৪২ জন এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে কেরালায়, যার সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। এরপর রয়েছে গুজরাটে ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন, মহারাষ্ট্রে ৬০৭ জন এবং কর্ণাটকে ৪২৩ জন।
সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় রেখে দেশজুড়ে স্বাস্থ্যখাতকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহড়া চালানো হচ্ছে। যদিও আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গে ভুগছেন এবং বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে।
তারপরও কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধের মজুত রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার ছয়জনের মৃত্যু রেকর্ড করেছিল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আজকের রিপোর্টে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
