ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল: ইমরানের জামিনে আপত্তি নেই, ভারতের পানিবন্ধ হুমকি যুদ্ধের শামিল

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১১ মাস আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:২১ অপরাহ্ন

banglahour

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, যদি আদালত ইমরান খানকে জামিনে মুক্তি দেয়, তাহলে তার বা তার দলের কোনো আপত্তি থাকবে না। সোমবার (৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বিলাওয়াল বলেন, “জামিন হলো একটি আইনি অধিকার। আদালত যদি তাকে জামিনে মুক্তি দেয়, তবে আমরা তার বিরোধিতা করব না।” তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিটি মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় এবং ইমরান খানের মামলাও তার ব্যতিক্রম নয়।

ভারতের হুমকি যুদ্ধের ঘোষণা: বিলাওয়াল

সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন বিলাওয়াল। বিশেষ করে ভারতের পক্ষ থেকে পানির প্রবাহ বন্ধের হুমকিকে তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। বলেন, “এটি যুদ্ধের ঘোষণার শামিল। ভারত এখন পানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা ২৪ কোটির বেশি পাকিস্তানির জন্য হুমকি।”

তিনি আরও বলেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল বা স্থগিত করার অধিকার রাখে না। ১৯৬০ সালের এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়, যা দুই দেশের নদীর পানির বণ্টন নির্ধারণ করে।

দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান

বিলাওয়াল বলেন, ইসলামাবাদ সবসময় শান্তিপূর্ণ সমাধান চায়। সন্ত্রাসবাদ, কাশ্মীর ও পানির অধিকারসহ প্রধান সব ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত পাকিস্তান। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি একতরফাভাবে পানি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে সেটি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে।

ভারতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

পিপিপি চেয়ারম্যান বলেন, “ভারত কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।” তিনি ভারতকে এই আগ্রাসী কৌশল থেকে সরে আসার আহ্বান জানান।

আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

বিলাওয়াল আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও বড় শক্তিগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা দ্রুত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বলেন, “এই অঞ্চলের একশো কোটির বেশি মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।”

পিপিপি চেয়ারম্যান স্পষ্ট বার্তা দেন, পাকিস্তান শান্তি চায়, তবে পানি বা ভূখণ্ড নিয়ে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯